বিপজ্জনক পথে ইতালি গমন সবার জন্য উদ্বেগজনক: শরীয়তপুরে রাষ্ট্রদূত এনরিকো

ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে বিপদজনক পথে ইতালি গমন আমাদের সবার জন্য উদ্বেগজনক। তাই মানবিক কারণে জীবন বাঁচাতে, শ্রম অভিবাসীদের প্রতারণা ও নির্যাতন থেকে বাঁচাতে সর্বোপরি মানব পাচার দমনে জনসচেতনতা বৃদ্ধি একান্ত প্রয়োজন।

শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন উৎসাহিত করার লক্ষ্যে মতবিনিময় সভা এ সব কথা বলেন তিনি।

ইতালির রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালি বিপুল সংখ্যক অনিয়মিত অভিবাসী এবং রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের সম্মুখীন হচ্ছে যারা বলকান এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সে দেশে ঢুকবার চেষ্টা করছে।

এ বছরের উত্তর আফ্রিকা থেকে মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায় ২১ হাজার ৮৪৮ অনিয়মিত অভিবাসী প্রবেশ করে যা গত বছরের তুলনায় ২২ ভাগ বেশি। ১৪ হাজার ৭৫৮ জন পূর্ব ভূমধ্যসাগরীয় পথে আসে। যার মধ্যে ইতালিতে পৌঁছায় ৫ হাজার ৫৫৭ জন। যা গত বছরের তুলনায় ১৫৩ ভাগ বেশি।  ২০২২ সালে ২৮ হাজার ৪০৫ জন অনিয়মিত অভিবাসীকে ইতালিতে রেজিস্ট্রার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশির সংখ্যা সবচেয়ে বেশি। ২০২১-২২ সালে বাংলাদেশ থেকে ১ হাজার ৬০০ শ্রমিক ইতালিতে কাজ করার ভিসা পেয়েছে। ৩ হাজার শ্রমিককে কাজের জন্য অনুমতি প্রদান হয়েছে।

এনরিকো নুনজিয়াতা বলেন, বিপজ্জনক  পথে যারা ইতালি যাবার ঝুঁকি নেয়, তারা মানব পাচারের শিকার হয়ে প্রতারণা, হিংস্রতা, অত্যাচারিত হয়ে অমানবিক অবস্থায় পড়ে। ভূমধ্যসাগর এবং উত্তর-পশ্চিম আটলান্টিক সাগর পথ পাড়ি দিতে গিয়ে গত বছর ৩ হাজার ২৩১ জন মৃত্যুবরণ করেছে। 

আরও বলেন, তাই মানব পাচার বন্ধ করার জন্য পাচারকারীদের দমন অবৈধ অভিবাসন বন্ধে জনসচেতনতা বৃদ্ধি অবৈধ পথে বিদেশ যাবার পেছনের মূল কারণ খুঁজে বের করা এবং শ্রম অভিবাসীদের আইনানুসারে বিকল্প পথ প্রদর্শন এসব কিছুর সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ প্রচেষ্টা জরুরি।

বৈধভাবে ইতালিতে বাংলাদেশিদের আরও জোর সুযোগ তৈরি করতে কাজ করছে ইতালি সরকার। দক্ষ শ্রমিক তৈরি করতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান করেছেন ইতালি রাষ্ট্রদূত।

সভায় শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান।