চট্টগ্রাম রেলস্টেশন থেকে ট্রেনের ১৯টি টিকিটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের ওই টিকিটগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম রেল স্টেশনের যাত্রী বিশ্রামাগারের সামনে থেকে হাসান আলী (৩২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব-৭।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান আলী কালোবাজারে টিকিট বিক্রির কথা স্বীকার করেছে বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টেশনে সাধারণ শ্রেণির বিশ্রামাগারের সামনে এক যাত্রীর কাছে বেশি দামে টিকিট বিক্রি করছিলেন তিনি। পরে তল্লাশি করে তার কাছে থাকা বিভিন্ন ট্রেনের ১৯টি আসনের টিকিট উদ্ধার করা হয়।
একটি চক্র টিকিট কালোবাজারি করে কৃত্রিম সংকটের মাধ্যমে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে বলে জানিয়েছে র্যাব।