চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জুনিয়র চেম্বার বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট।
শুক্রবার সকালে যুবলীগ নেতা এলিট উপজেলার ইছাখালী ইউনিয়নের ঝুলনপুল বাজার সংলগ্ন ৬নং ওয়ার্ডের লুদ্দাখালি গ্রামের আব্দুল লতিফ মিস্ত্রির বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া চার পরিবারকে আর্থিক অনুদান তুলে দেন।
গত রবিবার গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় আব্দুল লতিফ মিস্ত্রির বাড়ির শামসুল হকের চার সন্তান মো. নুর নবী, মো. ইউসুফ, মো. মোশাররফ, ও শফিকুল ইসলামের চারটি ঘর। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ও জমির কাগজপত্রসহ পুড়ে ছাই হয়ে যায় ওই ৪টি পরিবারের স্বপ্ন।
হতাশাগ্রস্ত পরিবারগুলোর কথা শুনে সহায়তার হাত বাড়িয়ে দেন যুবলীগ নেতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক ও জুনিয়র চেম্বার বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া নুর বেগমের মেয়ে শেফালী আক্তার বলেন, আমরা অসহায় পরিবারের, বাবার স্বল্প আয়ে কোনো রকম চলে আমাদের জীবন। কিন্তু আগুনে পুড়ে আমরা নিঃশেষ হয়ে গেছি। স্থানীয় চেয়ারম্যানের কিছুটা সহযোগিতা পেলেও আর কেউ এগিয়ে আসেনি। এমন সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন এলিট ভাই। আমরা তার কাছে কৃতজ্ঞ।
নিয়াজ মোর্শেদ এলিট বলেন, দেরিতে হলেও আমি এই অসহায় পরিবারগুলোর খবর পাই। খবর পেয়ে আর বসে থাকতে পারিনি। নিঃস্ব সহায় সম্বলহীন হয়ে যাওয়া মানুষগুলিকে এক নজর দেখতে চলে আসি আমার জন্মভূমি মিরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লুদ্দাখালি গ্রামে।
তিনি বলেন, আমি যুবলীগের একজন ক্ষুদ্র কর্মী। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের নির্দেশনা অনুযায়ী নেতা-কর্মীদের আপনারা এখন থেকে এমন সব মানবিক কাজে, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের পাশে পাবেন ইনশা আল্লাহ।
আগুনে পুড়ে যাওয়া প্রায় চারটি পরিবারকে নিয়াজ মোর্শেদ এলিট এই দুর্যোগ কাটিয়ে উঠতে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। তিনি বলেন, ‘আগুনে পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে, তা আমাদের পুষিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা সামান্য আর্থিক সাহায্য নিয়ে অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।’
তিনি আরও বলেন, আমরা যদি মিরসরাইয়ের সকল মানুষ সকলের বিপদ-আপদে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই তবেই এমন আকস্মিক দুর্যোগ আমরা সবাই খুব সহজেই কাটিয়ে উঠতে পারব ইনশা আল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা ইমতিয়াজ অভি, যুবলীগ নেতা শওকত আজীম রিংকু, নোমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।