টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলা সম্মেলনকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। সংঘর্ষে পুলিশসহ বিএনপির আট নেতাকর্মী আহত হন বলে জানা গেছে।
শুক্রবার (২২ জুলাই ) বিকেলে সাড়ে উপজেলার ধোপাখালি ইউনিয়নের বাঘিল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মেলনের আয়োজন করা হয় ধনবাড়ী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে। সম্মেলনকে কেন্দ্র করে বাঘিল এলাকায় একটি গ্রুপের নেতাকর্মীরা সম্মেলনের বিপক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে। একপর্যায়ে নেতাকর্মীরা মধুপুর-ধনবাড়ী সড়কে অবস্থা করে প্রতিবাদ জানালে পুলিশ তাদের সরে যেতে বলে। পরে পুলিশের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। পরে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ছত্রভঙ্গ করতে ১৭ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ও ৩ রাউন্ড গ্যাস গান নিক্ষেপ করা হয়। এতে পুলিশ সদস্যসহ বিএনপির বেশ কিছু নেতাকর্মী আহত হয়।
মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সরকার শহীদ বলেন, নেতাকর্মীরা সম্মেলনে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। এ সময় মধুপুর উপজেলার অরণখোলা ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুনকে আটক করে থানায় নেয়ার সময় নেতাকর্মীরা বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় তিন নেতাকর্মী গুলিকিদ্ধ আর বেশ কয়েকজন আহত হন। আহতদের তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) চান মিয়া বলেন, সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির একটি গ্রুপ বাঘিল এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি করছিল। এ সময় পুলিশ রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। পরে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে ১৭ রাউন্ড শর্টগানের গুলি ও ৩ রাউন্ড গ্যাস গান নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন।