বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।
শুক্রবার বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
গত মঙ্গলবার (১৯ জুলাই) ইইউ পার্লামেন্টে বিএনপি নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে তিনি জানান। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পররাষ্ট্র বিষয়ক কমিটির আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন।
সাইদুর রহমান লিটন বলেন, ‘দেশে গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইইউ পার্লামেন্টের একাধিক সদস্য।’
বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৩ জুলাই ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে সম্পর্ক এবং সেই সম্পর্কের মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে সব বিষয়ের ওপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি।’
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।