নিয়ামুল মুক্তার প্রথম ছবি ‘কাঠবিড়ালী’ মুক্তি পায় ২০২০ সালের জানুয়ারিতে। ছবিটি মুক্তির পর ব্যাপক প্রশংসিত হয়েছিল। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় তরুণ এ নির্মাতার দ্বিতীয় ছবি ‘রক্তজবা’ মুক্তি পেতে যাচ্ছে এবার। তার আগে পেয়েছে সেন্সর থেকে কর্তন ছাড়াই মুক্তির অনুমতি। পরিচালক জানান, কিছুদিন আগে সেন্সর থেকে মুক্তির অনুমতি পায় রক্তজবা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শিগগির মুক্তি তারিখ ঘোষণা করবে। জানা গেছে, আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে চলচ্চিত্রটি।
পরিচালক নিয়ামুল মুক্তা চ্যানেল বলেন, একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রক্তজবা’। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান এক যুগ আগে। অতীত এবং চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচিত হতে থাকে নানান রহস্য।
‘রক্তজবা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শরিফুল রাজ, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জ্বল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ। এতে প্রধান শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন জর্জ।
নিয়ামুল মুক্তা বলেন, যেহেতু সব কাজ শেষ, শুধু মুক্তির আনুষ্ঠানিকতা বাকি তাই বলতে পারি ‘কাঠবিড়ালী’র চেয়ে ‘রক্তজবা’ হবে আরও পরিণত সিনেমা। কাঠবিড়ালি যেমন সবাই পছন্দ করেছিলেন, আমার বিশ্বাস রক্তজবাও দর্শকের উপভোগ করবেন।
রক্তজবার ক্রিয়েটিভ প্রযোজক হলেন ‘জালালের গল্প’ ছবির নির্মাতা আবু শাহেদ ইমন। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। চিত্রগ্রহণ করছেন বরকত হোসাইন পলাশ। শিল্প নির্দেশনা দিয়েছেন কাজী তানভীর রশিদ অপু। শব্দ সংযোজন ও মিউজিক করেছেন রিপন নাথ।