পশ্চিমবঙ্গে সাবেক মন্ত্রী পার্থ ও অভিনেত্রী অর্পিতা গ্রেপ্তার

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ ঘণ্টা জেরার পর পশ্চিমবঙ্গের সাবেক শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।  

হিন্দুস্তান টাইমস জানায়, স্থানীয় সময় শনিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ নাকতলার বাড়ি থেকে পার্থকে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনকে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

শিক্ষক দুর্নীতি মামলায় শুক্রবার পার্থর বাড়িসহ ১৪ জায়গায় তল্লাশি চালান ইডির গোয়েন্দারা। এর মধ্যে সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ ২১ কোটি রুপি ও ৬০ লাখ রুপি মূল্যের স্বর্ণ উদ্ধার হয়েছে।

শুক্রবার থেকে পার্থকে তার বাড়িতেই লাগাতার জেরা করছিলেন গোয়েন্দারা। শনিবার সকালে তাকে গ্রেফতারির তোড়জোড় শুরু করা হয়।

ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছিলেন না পার্থ। এমনকী গ্রেপ্তারের নথিতেও সই করতে অস্বীকার করেন। শেষপর্যন্ত গোয়েন্দাদের চাপে সই করতে বাধ্য হন তিনি।