সীতাকুণ্ডে মোটরসাইকেল করে মেয়ে ফাতেহা জাহান জেবাকে (১৯) কলেজে পৌঁছে দিতে গিয়ে বাবার সামনেই লরির চাকায় পিষ্ট হয়ে মেয়ের মৃত্যু হয়েছে। বাবার সামনে মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। বারবার চলন্ত গাড়ির নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
আজ শনিবার (২৩ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার ফৌজদারহাট-বায়েজীদ লিংক রোডের ৩ নং ব্রিজের পার্শ্ববর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা জাহান চট্টগ্রাম শহরের এনায়েত বাজার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি সলিমপুর ইউনিয়নের কালুশাহ নগর ফৌজদার বাড়ির মো. ফারুকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ৩টার দিকে মোটর সাইকেলে করে মেয়েকে কলেজে পৌছে দিতে যাচ্ছিলেন বাবা মো. ফারুক। ফৌজদারহাট-বায়েজীদ সড়কের ৩ নং ব্রিজের কাছে গেলে বেপরোয়া গতিতে আসা বিএসআরএম কোম্পানির একটি লরি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মেয়ে ফাতেমা জাহান ছিটকে নিচে পড়ে যান। তখন লরিটি সড়কের ওপর তাকে পিষ্ট করে চলে যায়।
খবর পেয়ে ফৌজদারহাট পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে ফাড়িঁতে নিয়ে আসে বলে জানান এসআই পার্থ সারথী সাহা।