চবিতে যৌন নিপীড়নে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জাহাঙ্গীরনগরে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ চারদফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন হয়েছে।

শনিবার বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে এ মানববন্ধন করা হয়।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো- শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন ও মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা করা, সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হলে প্রবেশের সময়সীমার প্রথা বাতিল করা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলসহ সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকারের ব্যবস্থা নেওয়া। 

মানববন্ধন চলাকালে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী এরফানুল ইসলাম ইফতু বলেন, নিপীড়নমূলক সমাজের বৈধতা কে দিচ্ছে এটা আমাদের শঙ্কার কারন। এই ধরনের সন্ত্রাসী-নিপীড়কের বৈধতা দেওয়ার ক্ষমতা কারো নেই।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মৌটুসী জুবায়দা বলেন, প্রতিনিয়ত নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন হচ্ছে তখন আমরা চিন্তা করি রাষ্ট্র, সমাজ ও বিবেকবোধ কোথায় গিয়ে ঠেকেছে। নিরাপত্তার দোহায় দিয়ে নারীদেরকে তাড়াতাড়ি ঘরে ফিরতে বলা হাস্যকার।

ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, ক্ষমতাসীন রাজনীতির সাথে যারা জড়িত তারা বারবার পার পেয়ে যান বলে এ রকম ঘটনা আমরা দেখেই যাচ্ছি। এ ধরনের জঘন্যতম অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধন আরও বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি।