দুই ছিনতাইকারীকে গণপিটুনি

নারায়ণগঞ্জের ফতুল্লায় চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের সময় দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আহত মিশুকচালক শামিম (২০) ফতুল্লা মডেল থানার মুসলিম নগরের শরিফুল ইসলামের পুত্র। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লা মডেল থানার সীমান্তের চর কাশিপুর এলাকায় এই ঘটনা ঘটে। গতকাল শনিবার মামলা হয়েছে। আটককৃত দুই ছিনতাইকারী হলো, ফতুল্লা মডেল থানার শাসনগাঁও এলাকার আব্দুল খালেক (৩২) ও একই এলাকার মো. কোরবান আলী (৩৩)। মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, মামলা হয়েছে। আটককৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের চিকিৎসা শেষে আদালতে পাঠানো হয়েছে।