কালিহাতীতে বাস-ট্রাক-পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, দুই চালক নিহত (ভিডিও)

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর সল্লা এলাকায় বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে বাস ও ট্রাকের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ১৫ জন। এ ঘটনায় মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার এলাকায় ধীরগতির সৃষ্টি হয়। রবিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক সল্লা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের পেছনে থাকা পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে এ ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালক নিহত হয়। আহত হয় অন্তত আরো ১৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।