গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে সিঙ্গাপুরে আশ্রয় নেওয়া শ্রীলঙ্কার সদ্যসাবেক প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্ষেকে গ্রেপ্তারের দাবি করেছে ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রোজেক্ট (আইটিজেপি) নামের একটি মানবাধিকার সংস্থা। শ্রীলঙ্কায় কয়েক দশকের গৃহযুদ্ধে দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে মানবাধিকার লঙ্ঘন করেছিলেন বলে অভিযোগ এনে সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের কাছে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে ওই মানবাধিকার সংস্থা।
মানবাধিকার সংস্থাটি বলেছে, ২০০৯ সালে গৃহযুদ্ধের সময় জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন করেছিলেন গোতাবায়া রাজাপাক্ষে। সেই সময় তিনি দেশটির প্রতিরক্ষা প্রধান ছিলেন।
দক্ষিণ আফ্রিকা-ভিত্তিক মানবাধিকার সংস্থা আইটিজেপি বলেছে, সার্বজনীন এখতিয়ারের আওতায় এসব অভিযোগের বিচার সিঙ্গাপুরে করা যেতে পারে।
অভিযোগের খসড়া তৈরি করা আইনজীবীদের একজন আলেকজান্দ্রা লিলি ক্যাথার বার্লিন থেকে টেলিফোনে রয়টার্সকে বলেছেন, শ্রীলঙ্কায় সংঘটিত উভয় অপরাধের যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রমাণের ভিত্তিতে প্রশ্নবিদ্ধ ব্যক্তিকে এই অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট করা হয়েছে, যিনি এখন সিঙ্গাপুরে রয়েছেন।
২০০৯ সালে শ্রীলঙ্কায় জাতিগত সংখ্যালঘু তামিল বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর ২৫ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে। সেই সময় উভয়পক্ষ মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী।
এর আগে রাজাপাক্ষের বিরুদ্ধে দুটি দেওয়ানি মামলায় সহায়তা করেছিল আইটিজেপি। এর মধ্যে একটি ছিল ২০১৯ সালে ক্যালিফোর্নিয়ায় রাজাপাক্ষের বিরুদ্ধে দায়ের করা মামলা। তখন তিনি মার্কিন নাগরিক ছিলেন। গত বছর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কূটনৈতিক দায়মুক্তি পান রাজাপাক্ষে। পরে তার বিরুদ্ধে দুই মামলাই প্রত্যাহার করে নেওয়া হয়।