দেশে স্বনির্ভর ও পরিবেশবান্ধব জ্বালানি নীতির দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশের কৃষি, শিল্প ও আবাসিক খাত। সরকার পরিকল্পিতভাবে এক ঘণ্টার লোডশেডিংয়ের কথা বললেও বাস্তবে শিডিউল ঠিক থাকছে না। বিশেষ করে গ্রামাঞ্চলে ৮ থেকে ১০ ঘণ্টার বেশি লোডশেডিংয়ের ঘটনা ঘটছে। ফলে কৃষকরা সময়মতো সেচ দিতে পারছেন না, গ্যাসের অভাবে সারকারখানায় উৎপাদন বন্ধ, বেসরকারি কারখানায় তেলভিত্তিক জেনারেটর দিয়ে উৎপাদন করতে হচ্ছে, যা পণ্যের উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে।
গতকাল রবিবার জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেন প্রিন্স স্বাক্ষরিত এক প্রচারপত্রে বলা হয়েছে, প্রকৃতপক্ষে গত এক দশকের বেশি সময় ধরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়নের নামে দেশি-বিদেশি বেসরকারি মালিকানায় তেল-কয়লা-এলএনজির মতো আমদানিনির্ভর জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করায় এই বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।