শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যয় কমানোর নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যয় ও ২০ শতাংশ জ্বালানি খরচ কমানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল মাউশির পক্ষ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

মাউশির উপপরিচালক (সাধারণ প্রশাসন) অধ্যাপক বিপুল চন্দ্র বিশ্বাসের সই করা নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতি বিবেচনায় মাউশির অধীনস্থ সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয় করতে হবে। সে লক্ষ্যে নতুন করে পাঁচ দফা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, মাউশি ও তার অধীনস্থ সব অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমাতে হবে। প্রতিষ্ঠানপ্রধানরা বিষয়টি নিশ্চিত করবেন। এ-সংক্রান্ত একটি সাশ্রয়ী প্রতিবেদন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে এ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ে পাঠাতে হবে। শিক্ষক-কর্মকর্তার গাড়ির জ্বালানিসংক্রান্ত মাসিক প্রাপ্যতা থেকে ২০ শতাংশ হ্রাস করতে হবে। যেসব সভা-অনুষ্ঠান অনলাইনে করা সম্ভব সেসব অনুষ্ঠান সশরীরে আয়োজন পরিহার করতে হবে। যেসব কর্মকর্তাদের রুমে এসি রয়েছে সেসব এসি ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালাতে হবে।