যুদ্ধাপরাধ

৯২ ইউক্রেনীয় সেনার বিরুদ্ধে অভিযোগ রাশিয়ার

ইউক্রেনের সামরিক বাহিনীর ৯২ জন সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে রাশিয়া। রুশ তদন্ত কমিটি প্রধান আলেক্সান্দার বাস্ট্রিকিন একথা জানিয়েছেন।

রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম রোসিসকায়া গেজেটায় তিনি বলেন, ১ হাজার ৩০০’রও বেশি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

রাশিয়ার দীর্ঘদিনের মিত্র দেশ ইরান, সিরিয়া ও বলিভিয়ার মতো দেশগুলোর সমর্থনে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনেরও প্রস্তাব করেছেন ব্যাস্ট্রিকিন। তিনি বলেন, অভিযুক্ত ৯২ জনের পাশাপাশি ইউক্রেনীয় বাহিনীর ৫১ কমান্ডারসহ প্রায় ৯৬ জনকে খুঁজছে রাশিয়া। এই ইউক্রেনীয় সেনা সদস্যরা শান্তি ও মানবতাবিরোধী অপরাধ করেছে। তবে রাশিয়ার এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি এবং কিয়েভ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইউক্রেনও নিজেদের মতো করে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে। এ মাসে ইউক্রেন জানিয়েছে, ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে রুশ বাহিনীর বিরুদ্ধে সহিংস অপরাধ এবং যুদ্ধাপরাধের ২১ হাজারের বেশি অভিযোগ খতিয়ে দেখছে তারা। গত মে মাসে একজন বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগে রাশিয়ার একজন ট্যাংক কমান্ডারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল ইউক্রেনের আদালত।