সেমিফাইনালে ১২.১২ সেকেন্ডের বিশ্বরেকর্ড গড়ার দু’ঘণ্টার মধ্যে ফাইনালে ১২.০৬ সেকেন্ডের বিস্ময়কর দৌড় তোবি আমুসানের। অরিগন বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ দিনে বিস্ময়ের জন্ম দিলেন নাইজেরিয়ান এই নারী হার্ডলার। দু’ঘণ্টায় দুটি বিশ্বরেকর্ড! কিন্তু ফাইনালে দৌড়ের সময় বাতাসের বেগ বেশি (+২.৫) থাকায় ১২.০৬ সেকেন্ডটি বিশ্বরেকর্ড হিসেবে গণ্য হবে না বলে জানিয়ে দিয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স কর্র্তৃপক্ষ। তাতে অবশ্য আমুসানের কীর্তি কমেনি।
নারীদের ১০০ মিটার হার্ডলসের হিট থেকেই আলো ছড়াচ্ছিলেন আমুসান। ১২.৪০ সেকেন্ড সময়ের আফ্রিকান রেকর্ড গড়ে হিট জেতেন তিনি। সেমিফাইনালে তার পাশে ছিলেন আগের বিশ্বরেকর্ডধারী যুক্তরাষ্ট্রের কেন্দ্রা উইলিয়ামস। তার চেয়ে দশমিক ১৫ সেকেন্ড আগে দৌড় শেষ করে নতুন বিশ্বরেকর্ড গড়েন আমুসান। ৬ বছর আগে ১২.২০ সেকেন্ডের বিশ্বরেকর্ড টাইমিংয়ের চেয়েও দশমিক ৭ সেকেন্ড বেশি সময় লাগে কেন্দ্রার। ফাইনালে কেন্দ্রা ডিসকোয়ালি হওয়ায় সুবিধা হয়ে যায় আমুসানের। জামাইকার ব্রিটানি অ্যান্ডারসন ও পুয়ের্তো রিকোর জেসমিন কামাচো- কুইনকে পেছনে ফেলে ১২.০৬ সেকেন্ডের বিস্ময়কর সময়ে স্বর্ণ জেতেন ২৫ বছর বয়সী নাইজেরিয়ান। এর আগে আমুসানের সেরা সময় ছিল ২০১৯ সালে দোহায় আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। ১২.৪৯ সেকেন্ডে দৌড় শেষ করে সেবার চতুর্থ স্থান পান। টোকিও অলিম্পিকেও চতুর্থ হয়েছিলেন। ২০১৮ কমনওয়েলথ গেমসের সোনাই ছিল তার সেরা সাফল্য। অরিয়নে বিশ্বরেকর্ড-সহ সোনা জিতে আমুসান ছাপিয়ে গেলেন সব কিছুকে। ইন্টারনেট