মুন্সীগঞ্জের বজ্রযোগিনী ইউপি

সুষ্ঠু ভোটের দাবিতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বহিরাগত সন্ত্রাসীমুক্ত সুষ্ঠু ভোটের দাবিতে স্বতন্ত্র প্রার্থী মো. শাহীন মুন্সী সংবাদ সম্মেলন করেছেন।

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের নাহাপাড়া গ্রামের নিজ বাড়িতে ‘ইউনিয়নের শান্তিপ্রিয় ভোটারবৃন্দের’ ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামীকাল বুধবার এ ইউনিয়নের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবাদ সম্মেলনে শাহীন মুন্সী অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলামের লোকজন তার সমর্থকদের ভীতি প্রদর্শন ও মারধর করে আসছে। এমনকি মিথ্যা মামলা দিয়েও হয়রানি করছে। আগামীকাল বুধবার ভোটের দিন বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে কেন্দ্র দখলেরও পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন শাহীন মুন্সী।

আওয়ামী লীগ দলীয় প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, আমরা কারও ওপর হামলা করিনি। আমার ক্যাম্প পুড়িয়ে ফেলায় ও এক সমর্থককে মারধর করায় মামলা করেছি। সংবাদ সম্মেলনে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আমার জনসমর্থন দেখে ভয়ে প্রলাপ বকছেন উনি।