নৌকাডুবিতে নারী শ্রমিকের মৃত্যু

সাভারের আশুলিয়ায় তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় রোজিনা বেগম (২২) নামে নিখোঁজ অন্তঃসত্ত্বা নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল সোমবার দুপুরে আশুলিয়ার তৈয়বপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে সকাল ৮টার দিকে তৈয়বপুরে নৌকা পারাপারের সময় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে পাড়ে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন অন্তঃসত্ত্বা নারী শ্রমিক রোজিনা বেগম।

রোজিনা বেগম রংপুর জেলার বদরগঞ্জ থানার নয়াপাড়া গ্রামের আশিকুর রহমানের স্ত্রী। তিনি বর্তমানে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের লিডার ইদ্রিস হোসেন বলেন, তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় খবর পেয়ে আমাদের ডুবুরি দলের সদস্যরা অভিযান চালিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আর কেউ নিখোঁজের তথ্য না থাকায় আমরা অভিযান শেষ করেছি। মূলত অতিরিক্ত লোক ওঠানোর কারণেই এই নৌকাডুবির ঘটনা ঘটেছে। নদীতে কোনো ঢেউ বা স্রোত ছিল না। পরে নিহতের মরদেহটি স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।