ভোলার মনপুরা দ্বীপে একটি সোলার-ব্যাটারি-ডিজেল সংবলিত হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি স্বাক্ষর হয়েছে। তিন মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে ওয়েস্টার্ন মনপুরা সোলার পাওয়ার লিমিটেড (ডব্লিউএমএসপিএল)। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে সরকারের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।
এই কেন্দ্র থেকে মনপুরা দ্বীপের প্রায় ২০ হাজার বাসিন্দা সরকারি দরে বিদ্যুৎ পাবেন।
বিদ্যুৎকেন্দ্র স্থাপন চুক্তিতে বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্ম সচিব নিরোদ চন্দ্র মন্ডল, ওজোপাডিকোর সচিব মো. আলমগীর কবির এবং ডব্লিউএমএসপিএলের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, ওজোপাডিকোর চেয়ারম্যান সেলিম আবেদ, স্রেডার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম এবং প্রকল্প পরিচালক মো. মতিউর রহমান বক্তব্য রাখেন।