ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ১০ দিনের হেফাজতে নিয়েছে আর্থিক কেলেঙ্কারির তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
মঙ্গলবার তাকে ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে। এরপর হেফাজতে রেখে চট্টোপাধ্যায়কে জেরা করবে ইডি। গতকাল সোমবার রাতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে এ নির্দেশ দিয়েছেন ইডির বিশেষ আদালত
মঙ্গলবার সকালে ভুবনেশ্বর থেকে কলকাতায় এনে সোজা পার্থকে ইডির দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পার্থ-ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কেও দশদিনের ইডি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।
অভিনেত্রীর বাড়ি থেকে ২২ কোটি টাকা, গয়না ও বিদেশি মুদ্রা পাওয়া গেছে বলে অভিযোগ।
পার্থ ও অর্পিতা একসঙ্গে সম্পত্তি কিনেছেন বলেও আদালতে ইডি দাবি করেছে। পার্থর আইনজীবী তা মানতে চাননি।
তিনি বলেছেন, অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধারের অর্থ এই নয় যে, অর্পিতা ও পার্থর মধ্যে সম্পর্ক আছে।
ইডি এখন পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে স্বাস্থ্যপরীক্ষার জন্য আদালতের নির্দেশে সোমবার সকালে পার্থকে ভুবনেশ্বর এমসে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, পার্থের শরীরে পুরোনো কিছু সমস্যা রয়েছে, তবে তা মারাত্মক কিছু নয়। পার্থকে হাসপাতালে ভর্তি থাকতে হবে না।
হাসপাতালের রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই কলকাতায় ইডির বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হয়। ওই শুনানিতে পার্থকে ভার্চুয়াল মাধ্যমে কোর্টে হাজির করানোর ব্যবস্থা করে ইডি। বিচারক তাকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’র মামলায় গত শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ পার্থর নাকতলার বাড়িতে হানা দেয় ইডির দল। সেই সময় থেকে টানা প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রীকে। পরদিন অর্থাৎ শনিবার গ্রেপ্তারের পর সকাল ১০টা নাগাদ তাকে বাড়ি থেকে বের করে স্বাস্থ্যপরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যান ইডির কর্মকর্তারা। পরে আদালতে পেশ করা হয় পার্থকে। প্রথমে তিন দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয় পার্থকে। শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে এসএসকেএম হাসপাতালে পার্থকে ভর্তি করানোর জন্য আদালতে আবেদন জানান মন্ত্রীর আইনজীবী। ইডির ‘আপত্তি’ সত্ত্বেও ওই আবেদন মঞ্জুর করা হয়। শনিবার সন্ধ্যার পরে এসএসকেএমে ভর্তি করানো হয় পার্থকে।
নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। রবিবার সেই মামলার শুনানিতে পার্থকে ভুবনেশ্বর এমসে নিয়ে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করানোর নির্দেশ দেয় আদালত।