চবিতে ছাত্রী নিপীড়নের ঘটনায় ৫ ছাত্র রিমান্ডে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় আটক ৫ ছাত্রকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। একই ঘটনায় হাটহাজারী কলেজের দুই ছাত্রের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের আদালতে হাটহাজারী থানা-পুলিশের আবেদন শুনানির পর রিমান্ডের আদেশ দেয়া হয়।

রিমান্ড প্রাপ্তরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ দ্বিতীয় বর্ষের মো. আজিম, নৃ-বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন এবং দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা ও সাইফুল ইসলাম। 

এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার হাটহাজারী কলেজের দুই ছাত্রের ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

গতকাল সোমবার জাবি’র জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

ছাত্রত্ব বাতিল দুই শিক্ষার্থী হলেন- সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. নুর হোসেন শাওন ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাসুদ রানা। সাইফুল ইসলামের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি জাবি।