কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে বুলবুলি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের পশ্চিম দড়িচর মাঠের পাড় গ্রামে।
নিহত বুলবুলি বেগম ওই গ্রামের আজাদ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালের দিকে ওই এলাকার আজাদ আলীর স্ত্রী বুলবুলি বেগম নিজ বাড়ির পার্শ্বে পাট ও পাট-খড়ি শুকাতে যায়।
এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত আশঙ্কাজনক অবস্থায় উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।