নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে পৃথক পৃথক ভাবে ইসলামী ঐক্যজোট (একাংশ), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি (একাংশ) ও ইসলামিক পার্টির (একাংশ) সঙ্গে সংলাপ করেছে বিএনপি।
মঙ্গলবার বিকেলে ৫টা ১৫ মিনিট, সন্ধ্যা ৬টা ও সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপ শেষে বিএনপি ও সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা সাংবাদিকদের বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে কোন নির্বাচন সুষ্ঠু হবে না। তাই সরকারকে আগে পদত্যাগ করতে হবে। এছাড়া নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজনৈতিক দলগুলোর কারাবন্দী নেতা ও আলেম-ওলামাদের মুক্তি দিতে হবে। আগামী দিনে যে আন্দোলন হবে সে আন্দোলনে আমরা শরিক হব।’
সংলাপে নিজ নিজ দলের প্রতিনিধি দলেন নেতৃত্ব দেন ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব, এনডিপি চেয়ারম্যান কারি মোহাম্মদ আবু তাহের ও ও ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী।
বিএনপির নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অংশ নেন স্থায়ী কমিটি সদস্য ও ২০ দলীয় জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান।
সরকার বিরোধী আন্দোলনে বৃহত্তর প্ল্যাটফর্ম গড়তে তুলতে বিএনপি মহাসচিব গত ২৪ মে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন। প্রথম দফায় মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, সাইফুল হকের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপের পর গত ২৪ জুলাই সমাজতান্ত্রিক দল-ডেএসডির সঙ্গে সংলাপ করেন তিনি। এ পর্যন্ত বিএনপি ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাপ-ভাসানী, মুসলিম লীগ, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম, সাম্যবাদী দল, ডেমোক্রেটিক দলের সাথে সংলাপ শেষ করেছেন বিএনপি মহাসচিব।