লক্ষ্মীপুরে সাংবাদিক শাহ মনির পলাশ হত্যা মামলায় আবু ইউছুফ ও আবু ছায়েদের ১০ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। মনির ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রূপবাণী পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
তবে রায়ে সন্তুষ্ট নন মামলার বাদী সাংবাদিক পলাশের বাবা মনিরুল ইসলাম। তারা আসামিদের সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। দন্ডপ্রাপ্ত ইউছুফ ও ছায়েদ সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি সকালে পলাশকে পিটিয়ে হত্যা করে চাচাতো ভাই আবু ইউছুফ ও আবু ছায়েদ।
অপরদিকে, বরিশালে মাদক মামলায় নারীসহ পাঁচ মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী হাসান আল মাসুদ এ রায় দেন। ২০১১ সালের ২০ এপ্রিল রাতে স্পিডবোট বোঝাই ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তাদের এসব জেল-জরিমানা করা হয়।