২১টি ভোটকেন্দ্রের ১২টিই ঝুঁকিপূর্ণ

দীর্ঘ ২২ বছর পর আজ বুধবার ঢাকার দোহার পৌরসভা নির্বাচন। ২১টি ভোটকেন্দ্রের ১২টিই ঝুঁকিপূর্ণ। তাই নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া পৌরসভার সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।

দোহার নির্বাচন অফিস জানিয়েছে, পৌর এলাকায় ভোটার সংখ্যা ৪৩ হাজার ৬৬ জন।

এতে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২১ কেন্দ্রের ১৩৪টি ভোটকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়া পৌর নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্সসহ প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, বিজিবি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য মোতায়েন থাকবে। এছাড়া আনসার সদস্যরা মাঠপর্যায়ে নিরাপত্তার জন্য কাজ করছেন।    

দোহার পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. আশ্রাফুল আলম বলেন, ‘ভোটগ্রহণ করা হচ্ছে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন)। নিরাপত্তায় প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন।

একই সঙ্গে বিশেষ ফোর্সও কাজ করবে। নিরাপত্তার ব্যাপারে কোনো কমতি নেই। ভোটাররা যেন নিরাপদে ভোট দিতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে।’    

দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, ‘দোহার পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ করতে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’  

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, ‘ইতিমধ্যেই নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন পৌরসভার নির্বাচন নিয়ে তৎপর রয়েছে। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে। কোনো অবস্থাতেই যেন এ নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য সবার সজাগ দৃষ্টি রয়েছে।’