আজ স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। ১৯৯৪ সালের এ দিনে ছাত্রলীগের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সংগ্রাম ও সাফল্যের সিঁড়ি বেয়ে সংগঠনটি ২৯ বছরে পদার্পণ করল।  একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ।

সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন; সকাল ৯টায় ধানম-ির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

এছাড়া বেলা ১১টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে সংগঠনটি। এতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও তার সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় কলাবাগান ক্রীড়াচক্র মাঠ প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আতশবাজি উৎসব হবে।