স্টাফ কলেজে স্বরাষ্ট্রমন্ত্রী

সক্ষমতা বাড়াতে পুলিশের প্রশিক্ষণের বিকল্প নেই

আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘পুলিশকে আধুনিক করে সক্ষমতা বাড়াতে চাই। কারণ পুলিশকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষিত না করতে পারলে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়বে।’ গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে প্রতিষ্ঠানটির ১৮তম বোর্ড সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফাতিমা ইয়াসমিন, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বোর্ড সভায় উপস্থিত ছিলেন।

সভায় জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন বলেন, ‘পুলিশের প্রশিক্ষণের গুণগত উৎকর্ষ সাধনে সরকার নানা ব্যবস্থা গ্রহণ করেছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশংসনীয় অবদান রাখছে।’

আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘পুলিশ স্টাফ কলেজ শুধু পুলিশ বাহিনীর প্রশিক্ষণের ক্ষেত্রেই নয়, জাতীয় প্রেক্ষিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনেও পুলিশ স্টাফ কলেজ এ ভূমিকা অব্যাহত রাখবে।’