পুরো মাথায় ব্যান্ডেজ করে অসুস্থ রোগী সেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রক্সি দিতে এসে জালিয়াতির দায়ে আটক হয়েছেন এক চিকিৎসক।
ওই চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চতুর্থ শিফটে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলে পাঠানো হয়।
আটক ব্যক্তির নাম ডা. সমের রায়। তিনি খুলনা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র এবং খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রভাষক দাবি করেছেন।
জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাহাত আমিন নামের একজনের হয়ে তিনি প্রক্সি দিতে এসেছিলেন। তিনি মাথায়, নাকে ও হাতে ব্যান্ডেজ পড়ে পরীক্ষা দিতে এসেছিল। যাতে তাকে চেনা না যায়।
তিনি খুলনার একটি মেডিকেল কলেজের প্রভাষক বলে দাবি করেছেন। তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে যার হয়ে প্রক্সি দিতে এসেছিলেন সেই রাহাত আমিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ডা. সমের রায়ের আগে এ দিন আরও তিনজন প্রক্সি দিতে এসে আটক হয়েছেন। তাদেরকেও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।