টেকনাফের হ্নীলা ইউপির মৌলভীবাজার এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতের ১৩ বছরের এক স্কুলছাত্রী অনশন করছেন।
কথিত প্রেমিক মোহাম্মদ নিসান মৌলভীবাজারের নুরুল হকের ছেলে। মেয়েটির অনশনের পর থেকে প্রেমিকের পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টা দিকে মৌলভীবাজার উত্তর পাড়া এলাকায় প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন কিশোরীটি।
অনশনরত মেয়েটি জানান, বিগত ছয় মাস আগে নিসানের সাথে প্রেমের সম্পর্ক হয়। এরপর থেকে তারা বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে যান।
বিভিন্ন সময়ে নিসান তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন বলেও অভিযোগ কিশোরীর।
তিনি আরও বলেন, কয়েক দিন ধরে সে (নিসান) আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমি নিসানকে ছাড়া কোথাও যেতে রাজি নই, আমি তাকে বিয়ে করার জন্য এখন অনশন শুরু করেছি।
মেয়ের মা-বাবা জানান, প্রেমের সম্পর্কের খবর জানার পরে মেয়েকে পায়ে শিকল দিয়ে কয়েক দিন বেঁধে রেখেছিলাম। মেয়ে আত্মহত্যা করবে বলে হুমকি দেওয়ায় তাকে ছেড়ে দিয়েছি। শিকল খোলার পরপরই মেয়ে ওই ছেলের বাড়িতে চলে যায়।
অভিযুক্ত নিসান ও তার বাবা-মার বাড়িতে গেলে তাদের খুঁজে না পাওয়ায় কারও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এদিকে স্থানীয় মহিলা মেম্বারসহ কয়েকজন জানান, আমরা চেষ্টা করেছিলাম পারিবারিকভাবে বসে সমাধানে যাওয়ার জন্য, কিন্তু ছেলের পক্ষের কোনো সাড়া না পাওয়ায় সমাধানের সুযোগ হয়নি।
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, আমাদের কাছে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।