বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। অন্যদিকে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। দুজনের নামের বানানের শুরুর অক্ষর ভিন্ন হলেও উচ্চারণ একই। একই নামের দুই অঙ্গনের দুই তারকাকে নিয়ে অনুরাগীদের আগ্রহ আকাশচুম্বী। তারা চান, এই তারকাদ্বয় কিছু সময়ের জন্য হলেও একসঙ্গে বসে আড্ডা দিক, যা দেখা যাবে টেলিভিশন কিংবা সরাসরি কোনো অনুষ্ঠানে।
এর আগে সাকিব-শাকিব টিভি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন। সেটাও কয়েক বছর আগের কথা। চোখ বুঝলে খুব একটা মনেও পড়ে না সেই অনুষ্ঠানের কথা। সুখবর হলো, এবার ফের একসঙ্গে আড্ডা দিতে দেখা যাবে তাদের। তবে দেশে নয়, বিদেশের মাটিতে।
শুক্রবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় দুই তারকাকে নিয়ে আয়োজন করা হয়েছে একটি অনুষ্ঠান। যার নাম দেওয়া হয়েছে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলমগীর খান আলম গণমাধ্যমকে বলেন, ‘সাকিব আল হাসান ও শাকিব খান—দুজনেই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাদের অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছেন। তাদের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন। আশা করি সময়টা সবাই দারুণ উপভোগ করবেন।’
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে এই আয়োজন। যার টিকিটের দাম রাখা হয়েছে ২০০ ডলার। বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে শোটাইম মিউজিক।