অনুমতি ছাড়া ভারত ভ্রমণ করায় শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে প্রত্যাহার করা হয়েছে সিনিয়র সহকারী সচিব ইমরুল কায়েসকে। তিনি দুদকের উপ-পরিচালক হিসেবে অভিযোগ যাচাই-বাছাই বিভাগে কর্মরত ছিলেন।
দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, সরকারি আদেশ অমান্য করে অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করায় তার বিরুদ্ধে সরকারি চাকরিবিধি অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে তাকে জনপ্রশাসনে ফেরত পাঠানো হয়েছে।
জানা গেছে, জনপ্রশাসন বিভাগের উপ-সচিব আবু ফতেহ মোহাম্মদ সফিকুল ইসলামের সই করা এক আদেশে তার প্রত্যাহারের বিষয়টি জানা গেছে। আদেশে ইমরুল কায়েসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করার কথা বলা হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ে প্রেষণে নিয়োজিত উপ-পরিচালক ইমরুল কায়েস জালিয়াতির মাধ্যমে সরকারি আদেশ তৈরি করে ভারত ভ্রমণ করেছেন, যদিও তিনি গত ২৯ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১০-১৮ মের মধ্যে ব্যক্তিগত সফরে ভারত যাবেন বলে অনুমতি নিয়েছিলেন। তবে ওই সময়ে ভারতে না গিয়ে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে চলতি মাসে গোপনে ভারত ভ্রমণ করেন, যা সরকারি চাকরিবিধি পরিপন্থি। এ কারণে শাস্তিমূলকভাবে দুদক থেকে প্রত্যাহার করা হয়েছে।