খাশোগি হত্যার পর যুবরাজ সালমানের প্রথম ইউরোপ সফর

ইউরোপ সফরে গেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। এই সফরে গ্রিস এবং ফ্রান্সের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সৌদির সংবাদমাধ্যম আরব নিউজ।

২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর ইউরোপে এটিই তার প্রথম সফর। তবে জ্বালানির জন্য রাশিয়ার বিকল্প খুঁজতে থাকা ইউরোপের কাছে যুবরাজ সালমানের এই সফর বাড়তি গুরুত্ব পাচ্ছে। সফরের শুরুতেই গত মঙ্গলবার গ্রিসে যান যুবরাজ। রাজধানী এথেন্সে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান দেশটির উপ-প্রধানমন্ত্রী প্যানাজিওটিস পিকরামেনোস। সফরের প্রথম দিনই দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে বৈঠক করেন এমবিএস। এ সময় গ্রিসের মাটিতে উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সৌদি আরব গ্রিস এবং দক্ষিণ-পশ্চিম ইউরোপকে সস্তায় নবায়নযোগ্য শক্তি সরবরাহ করতে পারে বলেও জানান যুবরাজ। এজন্য একটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের আলোচনা হয়েছে। গ্রিন হাইড্রোজেন এবং পরিবেশবান্ধব জ্বালানি নিয়েও সমঝোতা হয়েছে।

আরব নিউজ জানিয়েছে, যুবরাজের সফরে দুই দেশের মধ্যে জ্বালানি ও সামরিক সহায়তার মতো বিষয়গুলোতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গ্রিস থেকে ফ্রান্স সফরে যাবেন সালমান।