৫০৮ রানের লক্ষ্যে নেমে ১ উইকেটে ৮৯ রান পাকিস্তানের। আজ শেষ দিনে তাদের চাই ৪১৯ রান। ২৯ রানে অপরাজিত পাকিস্তান অধিনায়ক বাবর আজমের অনুপ্রেরণা হতে পারে মার্চের করাচি টেস্ট। যেখানে অস্ট্রেলিয়ার দেওয়া ৫০৬ রানের টার্গেটে মহাকাব্যিক ১৯৬ রানের ইনিংস খেলে টেস্ট ড্র করেছিলেন তিনি। অপরাজিত ১০৪ রানের সঙ্গ দিয়েছিলেন রিজওয়ান।
গলে রিজওয়ান এখন ব্যাট করার অপেক্ষায় আছেন। অধিনায়ক বাবরের সঙ্গে ৪৬ রানে অপরাজিত আছেন ইমাম-উল-হক। গতকাল ২২ ওভারে ১ উইকেটে ৭১ রান তুলে চা বিরতিতে যায় পাকিস্তান। এরপর মাত্র ৬ ওভার খেলা হয়েছে। আজ সব ঠিক থাকলে মোটামুটি ১০০ ওভার হাতে পাবে পাকিস্তান। পাকিস্তানের সামনে টেস্টে সবচেয়ে বড় রান তাড়া করে জেতার রেকর্ডের চ্যালেঞ্জ। এই মাঠে কয়েক দিন আগে প্রথম টেস্টে প্রায় সাড়ে তিনশো তাড়া করে জিতেছিল পাকিস্তান। করাচি টেস্টে ১৭১.৪ ওভার ব্যাট করেছিল পাকিস্তান। ৫ উইকেটে ১৭৬ রান নিয়ে খেলতে নামা ৮ উইকেটে ৩৬০ রান করে ইনিংস ঘোষণা করে।