রাজনৈতিক দলসমূহকে কৃচ্ছ্রতা সাধনের অনুরোধ হুইপ স্বপনের

পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি মোকাবিলা করে আমাদের অর্থনীতির ক্রমবিকাশের ধারাবাহিকতা রক্ষা করতে সরকার ও জনগণের পাশাপাশি রাজনৈতিক দলসমূহকে কৃচ্ছ্রতা সাধনের অনুরোধ করেছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বুধবার কক্সবাজারের মাতামুহুরি সাংগঠনিক থানা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন এ অনুরোধ জানান।

তিনি বলেন, ১৯৪৫ সালে ২য় বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্বের মানবজাতির ওপর এই সময়ের মতো ভয়াবহ দুর্যোগ আর কখনো নেমে আসেনি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয়েছে। কিন্তু এর ব্যাপ্তি বিশ্ব মানবতাকে কঠোরভাবে আঘাত করেনি, বিশ্ব অর্থনীতিকে একযোগে আঘাত করতে পারেনি।

তিনি বলেন, কোভিট-১৯ অদৃশ্য শত্রু হিসেবে একযোগে সমগ্র বিশ্বের মানব জাতিকে আঘাত করেছে। এর ভয়াবহতা ব্যাপক ও দীর্ঘস্থায়ী। উপরন্তু মরার মতো খাঁড়ার ঘায়ের মতো রাশিয়া- ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে তুলেছে। দুটি রাষ্ট্রই জ্বালানি, খাদ্য ও সার উৎপাদনে বিশ্বের অন্যতম। করোনার অভিঘাতের পর রাশিয়া- ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর রাশিয়াকে অর্থনৈতিক অবরোধ করার সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশ্বের দরিদ্র্য ও আমাদের মতো উদীয়মান রাষ্ট্রগুলো চরম বিপদের মুখে পরেছে। ইতিমধ্যে অনেক ধনী রাষ্ট্রসহ মধ্য ও নিম্ন আয়ের দেশগুলো কৃচ্ছ্রতা সাধনের উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোকাবিলায় সরকারি ব্যয়ে কৃচ্ছ্রতা সাধনের উদ্যোগ নিয়েছেন এবং জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর এই ঐতিহাসিক সিদ্ধান্ত ও আহ্বান আমাদের জাতীয় অর্থনীতির ধারাবাহিক উন্নয়নের গতি সংহত ও শক্তিশালী করবে। যেহেতু রাজনৈতিক দল সমূহ রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করে এবং রাষ্ট্র পরিচালনা করে সেহেতু রাজনৈতিক দলসমূহকে অভ্যন্তরীণ কৃচ্ছ্রতা সাধনের উদ্যোগ নিতে হবে।

তিনি মূল্যবান জ্বালানি নষ্ট করে অপ্রয়োজনীয় মোটর শোভাযাত্রা, বিভিন্ন কর্মসূচি কেন্দ্রিক অসংখ্য গেট নির্মাণ, সাজসজ্জা, আলোকসজ্জা ও শোডাউনের মতো রাজনীতির মৌলিক নীতিবহির্ভূত বিষয়গুলো পরিহার করার জন্য নিজ দলের সর্বস্তরের নেতা-কর্মী এবং সকল রাজনৈতিক দলসমূহের প্রতি বিনীত অনুরোধ করেছেন।

মাতামুহুরি ইলিশিয়া স্কুল সংলগ্ন মাঠে সাংগঠনিক থানা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। উদ্বোধন করেন জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলামের চৌধুরী। বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান মুজিব, মো. সালাউদ্দিন আহমেদ সিআইপি, আলহাজ্ব জাফর আলম এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সাইমুম সারোয়ার কমল এমপি, মো. শফিকুল কাদের শফি, মো. রেজাউল করিম, অ্যাডভোকেট রঞ্জিত দাস, মাহবুবুর রহমান, লায়ন কমর উদ্দিন আহমেদ, জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশীদ দুলাল, মিজানুর রহমান প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন থানা সাধারণ সম্পাদক মহসিন বাবুল।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে জনাব সিরাজুল ইসলাম চৌধুরী সভাপতি এবং জনাব মকছুদুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ফরিদুল ইসলাম।