প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গতকাল বুধবার দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত ‘চেয়ারম্যান পদ নিয়ে সংকটে ইউজিসি’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ অসুস্থতাজনিত কারণে অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন থাকায় কমিশনের জ্যেষ্ঠ সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগমকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন।

তিন মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালনকালে ইউজিসির কর্মকান্ড পরিচালনায় সদস্যগণের মধ্যে কোনো ধরনের সমন্বয়হীনতা পরিলক্ষিত হয়নি। রুটিন দায়িত্বে চেয়ারম্যান থাকলেও তাকে সভাপতিত্ব করতে দেওয়া হচ্ছে না, এ  বিষয়টি সত্য নয়।

এতে আরও বলা হয়, কয়েকজন কর্মকর্তাকে অভ্যন্তরীণ দায়িত্ব পুনর্বণ্টন ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে স্বজনপ্রীতির অভিয়োগ ভিত্তিহীন। কর্মকর্তাদের মধ্যে কোনো অসন্তোষও নেই।

এ ছাড়া সম্প্রতি চেয়ারম্যানের আগের ছুটির ধারাবাহিকতায় তার ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য : অধ্যাপক দিল আফরোজা বেগমকে গত ১৯ মার্চ থেকে ১৬ জুন পর্যন্ত ৯০ দিনের জন্য রুটিন দায়িত্ব দিয়ে ইউজিসি অফিস আদেশ জারি করে।

এরপর এক মাসেরও বেশি সময় পার হলে এখন পর্যন্ত কাউকে রুটিন দায়িত্ব দিয়ে আদেশ জারি হয়নি।

এ ছাড়া এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত, অর্থাৎ ২৬ জুলাই পর্যন্ত চেয়ারম্যানের ছুটি বাড়ানোর কোনো আদেশ জারি হয়নি।