রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী

দেশের শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা রুখে দেওয়া যাবে না। এখন সময় বাংলাদেশের অগ্রযাত্রার। এই ধারায় আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ।’

গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকায় আধুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে গণসংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘শিক্ষা যেমন জাতির মেরুদ- ঠিক তেমনই শিক্ষা জাতির উন্নতির মাপকাঠি। যে দেশের নাগরিক যত বেশি শিক্ষিত সে দেশ তত উন্নত। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করতে তারই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা সেক্টরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।’