সরকারের উন্নতি ঘরে ঘরে মোমবাতি : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় বলেছেন, ‘বর্তমানে দেশে বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে দেখা করতে আসে। বিদ্যুৎ এসে বলে, এখনো বেঁচে আছি, মরিনি। বিদ্যুৎ নিয়ে কয়েক মাস আগে অনেক মাতামাতি শুনলেও আসলে তা ছিল ফাঁকা বুলি। তাই এই সরকারের উন্নতি ঘরে ঘরে মোমবাতি। জনগণের হাতে সরকার হারিকেন ধরিয়ে দিয়েছে।’

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে গয়েশ^র চন্দ্র বলেন, ‘আপনি যে বিএনপিকে বললেন, আপনার বাড়ি ঘেরাও করতে এলে আপনি চা খাওয়াবেন। চা খেতে গেলে যতটুকু পানি প্রয়োজন, ততটুকু পানি আছে তো আপনার কাছে? জনগণ গণভবনে চা খেতে যাবে না, যাবে আপনাকে বিদায় করতে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে টুস করে ফেলে দেবেন এটা নাকি হাস্যরসাত্মকভাবে বলেছেন।’