কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফাহিম (৮) ও ফাওয়াজ (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের মধ্যমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম জালাল আহমেদের ছেলে ও বেলাল হোসেনের ছেলে ফাওয়াজ। দুজনই স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। একসঙ্গে দুই চাচাতো ভাইয়ের মৃত্যুতে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে সোনাপুর মধ্যমপাড়া মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর পাড়ে ফাহিম ও ফাওয়াজের জুতা পড়ে থাকতে দেখে তাদের স্বজনরা। পুকুরে পড়ে গেছে এমন সন্দেহে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
সন্ধ্যায় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুদের দাফন করা হবে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, পানিতে পড়ে দুই শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি। খবর নিয়ে বিস্তারিত জানাবো।