ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘আমাদের বিদ্যুৎ সাশ্রয়ের সময় এসেছে। শুধু আমরাই নই, বিশ্বব্যাপী উন্নতদেশগুলোও বিদ্যুৎ সাশ্রয়ের মতো সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা তারা করছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন বিদ্যুতের ব্যবহার অনেকাংশে কমিয়ে এনেছে। প্রয়োজনীয় বাতি ছাড়া সব বন্ধ থাকছে। এসিও বন্ধ থাকছে। যেসব কক্ষের এসি একান্তই প্রয়োজনে চালাতে হচ্ছে সেগুলোর টেম্পারেচার ২৫ এর নিচে নামানো হচ্ছে না।’
এ সময় তিনি ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা বন্ধ করে সরকারকে বিদ্যুৎ সাশ্রয়ের সহযোগিতার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর গুলশান-২ নগরভবনের হলরুমে ২ পরিষদের ১৫তম করপোরেশন সভার (বাজেট সভা) সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, ‘আজকে প্রতিটি রাস্তায়-মহল্লায় অটোরিকশায় সয়লাব। একেকটা অটোরিকশাতে ৪টি করে ব্যাটারি থাকে। সারাদিন চালানোর পর এগুলোকে সারা রাত ধরে চার্জে রাখা হয়। এই অটোরিকশাগুলো বিদ্যুৎ বিধ্বংসী। প্রচুর বিদ্যুতের অপচয় হচ্ছে। পাশাপাশি এগুলোতে প্রচুর দুর্ঘটনাও ঘটছে।’
রিকশা চালকদের কষ্ট হবে এমন প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, এই শহরে আগে প্রচুর পায়ে চালিত রিকশা চলতো। এখনো চলে। আমরা তো পায়ে চালিত রিকশা বন্ধ করে দিচ্ছি না। যে অটোরিকশা চালাতো সে পায়ে চালিত রিকশা চালাবে।
উল্লেখ্য, বাজেট সভায় হল রুমের ২০ শতাংশ লাইট ব্যবহার করে বাজেট উপস্থাপন করা হয়। শীতাতপ যন্ত্র চালু ছিল ৫০ শতাংশ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২২-২৩ অর্থবছরের ৫ হাজার ৪৮ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয় ।