অবৈধভাবে ডলার মজুত রাখলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হারুন অর রশীদ বলেন, আমরা সবসময় তৎপর। বর্তমানে ডলারের মূল্য বৃদ্ধির এ সময়টিতে কেউ অবৈধভাবে ডলার মজুদ করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডলারের দাম বেড়ে যাওয়ার পেছনে কিছু কারসাজি চিহ্নিত করা হয়েছে জানিয়ে বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, সরকার বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে এসব অনিয়ম চিহ্নিত করা ও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
ডলার মজুতের পাশপাশি কেউ জাল ডলার তৈরি করছে কি না, সে বিষয়ে গোয়েন্দা পুলিশের নজরদারি রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ।
তিনি বলেন, আমরা যদি কোনো তথ্য পাই- কেউ ডলার মজুত করছেন বা জাল ডলার তৈরির সরঞ্জাম অথবা মেশিন আছে, তাহলে অবশ্যই অভিযান পরিচালনা করা হবে।
সংকটের মধ্যে দেশে মঙ্গলবার ডলারের দর রেকর্ড ১১১ টাকায় ওঠে। ঊর্ধ্বগতির কারণ খুঁজতে পরদিন মানি এক্সচেঞ্জ পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। রাষ্ট্রীয় আরও কয়েকটি সংস্থার সদস্যদেরও খোঁজ-খবর নিতে দেখা গেছে।তাতে করে সেদিন ডলারের দর ১০৮ টাকায় নেমে আসে।