রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে পুলিশের রেকার গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী মাহতাব আহমেদ তাহসিন (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮জুলাই) রাত সোয়া ৯টার দিকে স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী নুর হোসেন জানান, স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পুলিশের রেকার গাড়ি চাপা দেয় তাকে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে।
তার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মনদগাও গ্রামে। তার পরিবার বর্তমানে ওয়ারী বলদা গার্ডেনের সামনে একটি বাসায় ভাড়া থাকে।
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কেরানীগঞ্জ শাখার দশম শ্রেণির ছাত্র সে। দুই ভাই ও এক বোনের মধ্যে তাহসিন ছিল দ্বিতীয়।
তাহসিনের বন্ধু আরিয়ান আহমেদ কাউসার জানান, বৃহস্পতিবার রাতে বন্ধুরা সবাই মিলে কয়েকটি মোটরসাইকেলে শহীদ মিনার এলাকায় ঘোরার পরিকল্পনা ছিলো। এ জন্য সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধুরা তাহসিনকে কল দিচ্ছিল। তবে তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পরেই তার দুর্ঘটনার খবর শুনতে পাই।
তাহসিনের মা কাকলী আক্তার জানান, তাসিন বিকালে বাসা থেকে বের হয়। তার কোনো মোটরসাইকেল নেই। তার কোনো বন্ধুর মোটরসাইকেল চালাচ্ছিল সে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি পল্টন থানা পুলিশকে জানানো হয়েছে।
পল্টন থানার ইন্সপেক্টর (তদন্ত) সেন্টু মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমার ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তখন সেখানে কিছু পাওয়া যায়নি। নিহতের মোটরসাইকেলসহ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে জানতে পেরেছি রেকার গাড়ির সঙ্গে এ দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।