টি-টোয়েন্টির ঘটনাবহুল এক দিন

বুধবার ছিল তিনটি ঘটনাবহুল টি-টোয়েন্টি ম্যাচের দিন। সেঞ্চুরি হয়েছে দুটো। ১০ রানের জন্য তিন অঙ্ক ছুঁতে পারেননি হাল আমলের সেনসেশন জনি বেয়ারস্টো। আর মঈন আলি ১৬ বলে ফিফটি করেছেন।

সবচেয়ে কমবয়সী হিসেবে টি-টোয়েন্টি সেঞ্চুরির দুদিন পর আবার সেঞ্চুরি করেছেন ফ্রান্সের গুস্তাভ ম্যাকঁ। ফিনল্যান্ডের কেরাভায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইপর্বে নরওয়ের বিপক্ষে বুধবার ৫৩ বলে ১০১ রান করেন ম্যাকঁ। বুধবারের ইনিংসটিতে মেরেছেন ৮ ছক্কা ও ৫ বাউন্ডারি। এতে ফ্রান্স জিতেছে ১১ রানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার তিনি। ম্যাকঁর প্রথম তিন ম্যাচের স্কোর ৭৬, ১০৯ ও ১০১।  এদিকে এডিনবরায় সিরিজের প্রথম ম্যাচে ৫৪ বলে সেঞ্চুরি করেন ফিন অ্যালেন। ৮ চার ও ৬ ছক্কার ইনিংসে নিউজিল্যান্ড করে ২২৫/৫। পরে স্বাগতিকদের ১৫৭ রানে আটকে রেখে ম্যাচ জিতে নেয় কিউইরা।

ব্রিস্টলে ঘটনাবহুল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ঘরের মাঠে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৩৪ করে ইংল্যান্ড। চারবার জীবন পাওয়া বেয়ারস্টো ৩ বাউন্ডারি ও ৮ ছক্কায় করেন ৯০। মঈন আলি ১৬ বলে ফিফটি করেন, যা ইংল্যান্ডের হয়ে দ্রুততম। (আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরি যুবরাজ সিংয়ের, ১২ বলে)। মঈনের ২ বাউন্ডারি ও ৬ ছক্কার ইনিংসে ইংল্যান্ড তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ পায় ২৩৪/৬। ট্রিস্টান স্টাবস ১৯ বলে হাফসেঞ্চুরিতে (২৮ বলে ৭২) দক্ষিণ আফ্রিকার জবাবটাও খারাপ হয়নি। ৮ উইকেটে ১৯৩ করে থামে তারা। এর আগে পেসার লুঙ্গি এনগিদি ৩৯ রানে নেন ৫ উইকেট।