লড়াইটা নিজের সঙ্গেই

জাতীয় দলের বাইরে থাকাদের লড়াইটা এবার জমবে। ‘এ’ দলের কার্যক্রম চালু হওয়ায় বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার সুযোগ পাচ্ছেন পারফরম করার। তা দিয়ে জাতীয় দলে ফেরার আবেদনও তৈরির পথ পাবেন। মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, সাব্বির রহমানদের জন্য এই উইন্ডিজ সিরিজটা এমনই। তবে সেটা নিজেদের মধ্যে লড়াই দিয়ে নয়, নিজের সঙ্গে লড়াইয়ে। প্রত্যেকে পারফরম করে জিততে চান সিরিজ। কাল ‘এ’ দলের অধিনায়ক মিথুন তাই জানালেন। উইন্ডিজে দল হয়ে খেলে জয়ের লক্ষ্যেই যাচ্ছেন তারা। যে অভিজ্ঞতা মিথুনরা কাজে লাগাবেন ভবিষ্যতে জাতীয় দলে ডাক পেলে। 

২০১৯ এরপর প্রথমবার মাঠে নামছে ‘এ’ দল। মিথুনের কাছে এই দলে খেলার গুরুত্ব অনেক। ঘরোয়া ক্রিকেটের চেয়ে ‘এ’ দলের সিরিজকে এগিয়ে রাখছেন তিনি। কারণ জাতীয় দলে না থেকেও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাচ্ছেন। এই পর্যায়ে ভালো করলেও সুযোগ থাকছে আবারও জাতীয় দলে ফেরার। এই সুযোগটা লুফে নিতে চান মিথুনরা, ঝাঁপাতে চান লড়াইয়ে, তবে... ‘আমরা তো কেউ কারও প্রতিযোগী নই। আমরা নিজেদের ভালো পারফরম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। এখানে আমরা সবাই মাথায় রাখি যে আমি নিজে কী করছি। অন্য কেউ কী করছে এটা আমরা মাথায় রাখি না। তো যদি আমরা দল হয়ে সবার কাজ সঠিক সময়ে করতে পারি তাহলে জেতা সম্ভব। আমরা সিরিজ জয়ের লক্ষ্যই রাখছি।’

উইন্ডিজে ৪ আগস্ট থেকে শুরু দুটি চারদিনের ম্যাচকে সর্বোচ্চ কাজে লাগাতে চান মিথুন। কারণ লাল বলে তারা খেলেন কম। সাদা বলে বেশি খেলায় এর অভিজ্ঞতা বাংলাদেশের সব ক্রিকেটারেরই বেশি। আর তাই টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ পিছিয়ে। খুলনায় ক্যাম্প থেকেই এই সিরিজে লাল বলে ভালো করায় গুরুত্ব দিয়েছেন মিথুনরা।