নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার

সোনারগাঁয়ে নিখোঁজের তিন দিন পর হুমায়রা (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় নয়াগাঁও নদের তীর থেকে লাশ উদ্ধার করা হয়। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

হুমায়রা উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে। সে স্থানীয় নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, হুমায়রা গত সোমবার নিখোঁজ হয়। গতকাল সকালে নয়াগাঁও এলাকায় নদের তীরে বালিচাপা দেওয়া একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। হুমায়রার বাবা দুলাল মিয়া জানান, গত সোমবার তার বড় ছেলে সজীব মিয়ার স্ত্রী বৈশাখী আক্তারের সঙ্গে ছোট মেয়ে হুমায়রা বাইরে যায়। এরপর আর বাসায় ফিরে আসেনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে বালির নিচে পুঁতে রাখা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুলাল মিয়ার বড় ছেলে সজীব মিয়া, পুত্রবধূ বৈশাখী আক্তার ও সজীবের শাশুড়ি সেতারা বেগমকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।