অমিত হাবিব অল্প সময়ে দেশ রূপান্তরকে পাঠকপ্রিয় করেছেন: মাহির আলী খাঁন রাতুল

নির্লোভ, পেশাদার সাংবাদিকতার অনন্য ব্যক্তিত্বের অধিকারী দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব দেশ রূপান্তর পত্রিকাকে অল্প সময়ে পাঠকপ্রিয় করেছেন। অমিত হাবিবের জানাজায় এসে এ মন্তব্য করেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খাঁন রাতুল।

রাজধানীর বাংলামোটরে দেশ রূপান্তর প্রাঙ্গণে অমিত হাবিবের প্রথম জানাজা শেষে রূপায়ণ গ্রুপ ও তার সহকর্মীদের পক্ষ থেকে কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খাঁন রাতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার ফুলেল শ্রদ্ধা জানান।

এ ছাড়া জানাজায় অংশ নেন দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন, প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক, বেসরকারি টেলিভিশন ডিবিসির প্রধান সম্পাদক ও সিইও মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রূপায়ণ গ্রুপের পরিচালক-কর্মকর্তা, দেশ রূপান্তরের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।

অমিত হাবিবের জানাজার আগে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খাঁন রাতুল বলেন, অমিত হাবিব সাহসী সম্পাদক ছিলেন। অল্প সময়ের মধ্যে তিনি দেশ রূপান্তরকে পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

দ্বিতীয় জানাজার আগে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল আলমের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খাঁন রাতুল।

তিনি বলেন, ‘অমিত হাবিবের মৃত্যুতে রূপায়ণ গ্রুপ ও দেশ রূপান্তর পরিবার শোকাহত। তিনি আমাদের মাঝে তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। আমরা তার রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’