সবাইকে ছেড়ে চলে গেলেন দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব। তিনি ছিলেন নিভৃতচারী। নিভৃতে থেকেই গড়ে গেছেন একের পর এক প্রতিষ্ঠিত সাংবাদিককে। তাকে শেষ বিদায় জানাতে তাই ভিড় ছিল বাংলামোটর আর জাতীয় প্রেসক্লাবে।
তাকে মূল্যায়ন করতে গিয়ে ইংরেজি ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম দেশ রূপান্তরকে বলেন, ‘মিতভাষী হলেও অমিত হাবিবের সবচে আকর্ষণীয় দিক হচ্ছে তার কাজ। তার সম্পাদনায় দেশ রূপান্তর পত্রিকা প্রকাশিত হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে আমি এ পত্রিকার প্রতি আকৃষ্ট হই। সম্পাদক হিসেবে তার অভিনবত্বের কতগুলো নিদর্শন আমি দেখেছি। বিশেষ করে দেশ রূপান্তরের রিপোর্টিং অন্য কাগজের চেয়ে একটু ভিন্ন। নতুন কিছু দেওয়ার আগ্রহ থেকে কাগজের পাতাগুলো যেভাবে তিনি সুসজ্জিত করতেন-এসব কিছু দেখেই তার প্রতি আমি আকৃষ্ট হই।’
তিনি বলেন, ‘নতুন সম্পাদকদের মধ্যে তিনি একজন সৃজনশীল সম্পাদক ছিলেন। যদিও আমাদের বয়সের তুলনায় অমিত হাবিব অনেক নবীন ছিলেন কিন্তু শিক্ষণীয় দৃষ্টান্ত আমি তার মধ্যে দেখেছি। অমিত হাবিব তার দেশ রূপান্তর পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা এবং সংবাদপত্রের রূপ, ভূমিকা এসব কিছুর মধ্যেই আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন। তার মৃত্যুর মাধ্যমে আমরা সৃজনশীল, নিষ্ঠাবান দক্ষ একজন সাংবাদিক ও সম্পাদক হারালাম।’