নির্লোভ, পেশাদার সাংবাদিকতার অনন্য ব্যক্তিত্বের অধিকারী দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব চলে গেলেন মাত্র ৫৯ বছরে। তার হাত ধরে বাংলাদেশে অনেক পেশাদার সাংবাদিক গড়ে উঠেছেন। আধুনিক, মননশীল, নির্মোহ পেশাদারির এবং নতুন যুগের সাংবাদিকতায় তিনি শিক্ষকের ভূমিকা পালন করেছেন। বেঁচে থাকলে দেশের গণমাধ্যমকে আরও অনেক কিছু দিতে পারতেন। তার এই অকালপ্রয়াণ দেশের গণমাধ্যম শিল্পের বড় ক্ষতি।
তাকে স্মরণ করে ৭১ টেলিভিশনরে প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু দেশ রূপান্তরকে বলেন, ‘অমিত হাবিব আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আজ থেকে ৩৩ বছর আগে সাপ্তাহিক ‘পূর্বাভাস’ এ আমরা একসঙ্গে কাজ করতাম। তার সৃজনশীলতা ছিল প্রশ্নাতীত। গদ্যরীতি ছিল অসাধারণ। পাঠকের তিন শ ষাট ডিগ্রি চাহিদা পূরণের লক্ষ্যে তিনি চিন্তা করতেন। আধুনিক ও বিজ্ঞানমনস্ক মানুষ তৈরির উদ্দেশ্যে তিনি দৈনন্দিন খবরের পাশাপাশি আরো বহু বিষয় নিয়ে কাজ করতেন। তার সম্পাদিত দৈনিক যায় যায় দিন, কালের কণ্ঠ ও দেশ রূপান্তরে এর স্পষ্ট ছাপ পাওয়া গেছে। অমিত হাবিবের অকালে চলে যাওয়ায় আমরা একজন পূর্ণাঙ্গ মানুষ ও নতুন প্রজন্মের সম্পাদককে হারালাম।’