মুক্তিযুদ্ধ স্মরণে নড়াইলে ব্যতিক্রমী বৃক্ষরোপণ

মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করে একটি সড়কে ১ হাজার ৯৭১টি এবং প্রতিটি ওয়ার্ডে ৭১টি করে ফলদ, ঔষধি ও ফুলের গাছ লাগাবেন নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ। ব্যক্তিগত ও বন্ধুদের আর্থিক সহযোগিতায় তিনি এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। গতকাল শুক্রবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন খাশিয়াল ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। এদিন বড়দিয়া-কালিয়া সড়কের খাশিয়াল ইউনিয়নের সীমানা পর্যন্ত বৃক্ষরোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএম বরকত উল্লাহ বলেন, ‘আমাদের লক্ষ্য ধনী-গরিবনির্বিশেষে প্রতিটি বাড়িতে একটি ফলদ ও ফুলের গাছ পৌঁছে দেওয়া। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করে আমরা বড়দিয়া-কালিয়া সড়কের খাশিয়াল ইউনিয়নের সীমানা পর্যন্ত ১ হাজার ৯৭১টি ফলদ, ঔষধি ও ফুলের চারা রোপণ করছি। যেহেতু কাঠের গাছ সব জায়গায় আছে তাই কাঠের কোনো গাছ লাগানো থেকে বিরত রয়েছি। এ ছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটির ৭১টি পরিবারের মাঝে একটি করে ফলদ ও ফুলের চারা বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি বাড়িতেই ফলদ ও ফুলের চারা বিতরণ করা হবে। এ ছাড়া ইউনিয়নের প্রতিটি সড়কে বৃক্ষরোপণ করা হবে।

ব্যাংক এশিয়া বড়দিয়া এজেন্ট শাখার ব্যবস্থাপক প্রবীর কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বড়দিয়া কলেজের সহকারী অধ্যাপক মোল্যা সাখাওয়াত হোসেন, জগদীশ চন্দ্র সরকার, জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক নিরঞ্জন দাশ ঝন্টু, দি পাটনা একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোল্যা শাহাদৎ হোসেন, খাশিয়াল আদর্শ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুর রহমান, বড়দিয়া কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মৃণাল কান্তি বিশ^াস, শান্তি কুমার অধিকারী প্রমুখ বক্তব্য দেন।