বাউফলে নির্বাচনী বিরোধের জেরে একজনকে হাতুড়িপেটা

বাউফলে নির্বাচনী বিরোধের জেরে ফিরোজ মাতুব্বর (৩৮) নামে একজনকে হাতুড়িপেটা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ফিরোজ চশমা প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী এসএম মহসিনের সক্রিয় কর্মী।  

ফিরোজ মাতুব্বর বলেন, নাজিরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নৌকা ও স্বতন্ত্র প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। নির্বাচনকে কেন্দ্র করে গত ১৮ জুলাই আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা তার ব্যবসাপ্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয়। গত বুধবার ফিরোজ ওই তালা ভেঙে তার দোকান চালু করেন। ঘটনার দিন সন্ধ্যায় ফিরোজ মাতুব্বর নিজ দোকানে বসা ছিলেন। সাড়ে ৭টার দিকে নৌকার সমর্থক আবু বক্করের নেতৃত্বে মাসুদ, শ্রাবণ, সায়েম, রহিম, রাহাতসহ ১০-১৫ জন তার ওপর হামলা চালায়। তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে তার পিঠে ও পায়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। 

কর্তব্যরত চিকিৎসক মারজান আফরিন জানান, তার শরীরে বিভিন্ন স্থানে হাতুড়িপেটার চিহ্ন রয়েছে। পরীক্ষানিরীক্ষা না করে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

ফিরোজ মাতুব্বর জানান, এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। 

এ ব্যাপারে অভিযুক্ত আবু বক্করের মুঠোফোনে কল করে সেটি বন্ধ পাওয়া গেছে।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। সহিংসতার কারণে এই নির্বাচন স্থগিত করা হয়েছে।