বুকে ব্যথা হলে

কখনো কখনো হঠাৎ বুকে ব্যথা হতে পারে। বুকে ব্যথা একটি অস্বস্তিকর এবং উদ্বেগ সৃষ্টিকারী অনুভূতি। বিভিন্ন কারণে বুকে ব্যথার অনুভূতি হয়। সাধারণত বুকে ব্যথা হলে তা হৃদরোগজনিত কারণে অথবা গ্যাস্ট্রিকজনিত কারণে হচ্ছে বলে ধরে নেওয়া হয়। অথচ এ দুটোর বাইরেও অনেক সময় বুকে ব্যথা হয়ে থাকতে পারে। আবার অনেক সময় আমরা হৃদরোগজনিত বুকের ব্যথাকে গ্যাস্ট্রিকজাতীয় ব্যথা ভেবেও ভুল করে থাকি, যা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

কারণ ও ধরন

হৃদরোগ

হৃদরোগজনিত বুকে ব্যথাকে বলা হয় অ্যানজাইনা। সাধারণত ভরা পেটে এ ব্যথা হয়ে থাকে। বুকে চাপ ধরে থাকে এবং ব্যথাটা ঘাড়, হাতে ছড়িয়ে যায়। সঙ্গে প্রচুর ঘাম হতে থাকে। প্রায় ২০ মিনিট স্থায়ী হয় এ ব্যথা।

ফুসফুসের রোগ

ফুসফুসের সংক্রমণ হলে বুকে ব্যথা হয়। শ্বাস নেওয়ার সময় বা কাশি দিলে তীব্র ব্যথা করে ওঠে।

গ্যাস্টিক

গ্যাস্ট্রিকজনিত কারণে, দীর্ঘ সময় না খেয়ে থাকলে পেটে সৃষ্ট অ্যাসিডের কারণে বুকে ব্যথা হয়।

মাংসপেশিতে টান

বুকের মাংসপেশিতে টান লাগলে বুকে ব্যথা হতে পারে।

খাদ্যনালির সমস্যা

খাদ্যনালিতে সমস্যার কারণে কখনো কখনো খাদ্য গিলতে অসুবিধা হয় এবং একই সঙ্গে প্রচ- ব্যথা দেখা দেয়। আমরা খাদ্য গেলার পর খাদ্যনালির মাংসপেশি খাদ্যকে নিচের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু কোনো কোনো মানুষের ক্ষেত্রে খাদ্যনালি এ সমন্বয় হারিয়ে ফেলে। এ সময় বুকে প্রচন্ড ব্যথা হতে পারে।

মানসিক সমস্যা

প্রচন্ড ভয় বা আতঙ্কে অনেক সময় বুকে ব্যথা হয়। কিন্তু এ ক্ষেত্রে বিভিন্ন গবেষণায় হৃৎপিন্ডের কোনো ভূমিকা পাওয়া যায়নি। তবে এ ধরনের ব্যথার সঙ্গেও শ্বাসকষ্ট, ঘাম হওয়া প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে।

এ ছাড়া কিছু কিছু ওষুধ সেবনের কারণে বুকে ব্যথা হতে পারে। আবার হৃৎপিন্ডের আশপাশের অন্য অঙ্গে কোনো সমস্যা হলে বুকে ব্যথা হয়।

করণীয়

হৃদরোগজনিত কারণ ছাড়া অন্য কারণগুলোয় যেকোনো বয়সী মানুষের বুকে ব্যথা হতে পারে। এসব ক্ষেত্রে বুকে ব্যথা থেকে কোনো রোগীর নিজের পক্ষে আসলে বোঝা সম্ভব নয় যে সেটি কী কারণে হচ্ছে। তাই বুকে ব্যথা হলে চিকিৎসকের কাছে যাওয়াই শ্রেয়। তিনি পরীক্ষা করে কারণ বুঝতে পারবেন।

অনেক সময় এমনও হয়ে থাকে যে অ্যানজাইনা কি না, তা বুঝতে পারা যায় না, ফলে বড় বিপদ ঘটে যেতে পারে। এ ছাড়া অন্যান্য কারণে হওয়া বুকে ব্যথার উপশমের জন্যও সঠিক চিকিৎসা জরুরি, যার বিধি চিকিৎসকই দিতে পারেন। এজন্য আচমকা বুকে ব্যথা হতে থাকলে চিকিৎসকের সঙ্গে আলাপ করাই যুক্তিসংগত।